ভারতে শিক্ষার্থীদের চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে এবার সমর্থন জানালেন বলিউড তারকা সালমান খান। একই সঙ্গে আন্দোলনটিকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে আন্দোলন নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। তার মতে, প্রশ্নফাঁস অত্যন্ত গুরুতর একটি সমস্যা, যা সরাসরি শিক্ষার্থী ও দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই এ আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়।
সালমান খান বলেন, শিক্ষার্থীদের এই প্রতিবাদের কৃতিত্ব পুরোপুরি তাদেরই প্রাপ্য। আন্দোলনে রাজনৈতিক হস্তক্ষেপ না করে শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের সাহসের প্রশংসা করে এই বলিউড তারকা আশা প্রকাশ করেন, সরকার তাদের পাশে দাঁড়াবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে এমন একটি উন্নত ও আকর্ষণীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়াশোনার জন্য আগ্রহী হয়ে উঠবে।
রাজধানী দিল্লিতে চলমান ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বাধীন এই আন্দোলনে এরই মধ্যে বলিউড ও ভারতীয় বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা সংহতি প্রকাশ করেছেন। সালমান খানের আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখসহ আরও অনেকে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।