• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান

ডেস্ক নিউজ / ৫৭ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য সংগীতজীবনে এবারই প্রথম বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একক সংগীত পরিবেশন করতে যাচ্ছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। একই আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পীকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
তবে এবারের অনুষ্ঠানটি শুধু সম্মাননা প্রদান ও সংগীত পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। রুনা লায়লার একক সংগীতানুষ্ঠানের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ বন্যার্ত মানুষের সহায়তায় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘রুনা লায়লা’ শীর্ষক এই বিশেষ সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই। রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। এতে নিজের জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করবেন বরেণ্য এই শিল্পী।

আয়োজক সূত্রে জানা গেছে, দর্শকদের জন্য টিকিটের শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে তিনটি শ্রেণিতে। প্রথম শ্রেণির টিকিটের মূল্য ৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির ৩ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির টিকিটের মূল্য ২ হাজার টাকা। টিকিট বিক্রি থেকে সংগৃহীত অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

অনুষ্ঠানের টিকিট সংগ্রহ করা যাবে আগামী ২২ ও ২৩ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ভবনের নিচতলায় সরাসরি যোগাযোগ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ