• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

প্রেম আর আবেগের গল্পে একসঙ্গে জাহিদ হাসান-তটিনী

ডেস্ক নিউজ / ৫২ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবং নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাদের নতুন নাটক ‘পথহারা মন’, যেখানে ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগঘন গল্প উঠে আসবে।

নাটকটিতে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ‘পথহারা মন’ এমন একটি গল্প, যেখানে প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের নানা আবেগের প্রতিফলন দেখা যাবে। দর্শক যেন নিজেদের জীবনের কিছু অনুভূতি ও অভিজ্ঞতা নাটকটির সঙ্গে মিলিয়ে নিতে পারেন, সেই ভাবনা থেকেই এটি নির্মাণ করা হয়েছে।

জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন রাজ। বৈশাখী টেলিভিশনে প্রচারিত সেই নাটকের পর এবারই আবার এই নির্মাতা-অভিনেতা জুটির পুনর্মিলন ঘটল।

দীর্ঘ বিরতির পর একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে রাজ বলেন, জাহিদ ভাইয়ের সঙ্গে আবার কাজ করতে পেরে খুব ভালো লাগছে। তিনি অসাধারণ একজন অভিনেতা। তার অভিনয় নাটকটিকে নতুন মাত্রা দিয়েছে। পাশাপাশি অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে একটি চমৎকার দল পেয়েছি।

একই অনুভূতি প্রকাশ করেছেন জাহিদ হাসানও। তিনি বলেন, রাজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আনন্দের। অনেকদিন পর আবার তার পরিচালনায় অভিনয় করছি। গল্পটি খুব আন্তরিক, আর আমার চরিত্রটিও যথেষ্ট চ্যালেঞ্জিং। পুরো শুটিং পরিবেশ ছিল দারুণ।

গত ১০ জুলাই রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘পথহারা মন’-এর শুটিং। মঙ্গলবার (১৪ জুলাই) নাটকটির দৃশ্যধারণ শেষ হওয়ার কথা রয়েছে।

নাটকটির গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিগগিরই ইউটিউবের ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ