জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার কাঁধ ও কোমরের তীব্র ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ জুন) তিনি নিজেই বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
এর আগে রোববার নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে মিল্টন খন্দকার লেখেন, কাঁধ ও কোমরের তীব্র ব্যথার কারণে তিনি দীর্ঘদিন ধরে ভুগছেন। মেরুদণ্ডের জটিলতার কারণে চিকিৎসকদের পরামর্শে রাজধানীর আফতাবনগরে অবস্থিত বিএলসিএস হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
হাসপাতাল থেকে মিল্টন খন্দকার বলেন, অনেক দিন ধরেই কাঁধ ও কোমরের ব্যথায় ভুগছি। হাঁটাচলাও কষ্টকর হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মেরুদণ্ডের সমস্যার সমাধানে লেজার পদ্ধতিতে অস্ত্রোপচার করতে হবে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে স্টেমসেল পদ্ধতি বলা হচ্ছে।
তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে সোমবারই অস্ত্রোপচার সম্পন্ন হবে। কোনো কারণে তা সম্ভব না হলে মঙ্গলবার করা হবে। একই সঙ্গে সুস্থতার জন্য দেশবাসী ও ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন এই গীতিকার।