জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। গত শুক্রবার পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে তার আংটিবদল। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এই গায়ক।
শনিবার সন্ধ্যায় শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি এসেছে বেশ আকস্মিকভাবেই। তিনি বলেন, বিষয়টি হুট করেই হয়েছে। আমার আব্বু-আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। কিছুদিন আগে তারা দেশে আসেন। তখন পরিবার থেকে আমার বিয়ের বিষয়ে আলোচনা হয়। তারা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপরই আংটিবদল সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। রাজধানীর শাহজাদপুরে কনের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আংটিবদলের আয়োজন করা হয়।
সংগীতাঙ্গনে শেখ সাদী তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার একাধিক গান পেয়েছে কোটি কোটি ভিউ ও শ্রোতাপ্রিয়তা। বিশেষ করে ‘ললনা’ গানটি তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি এবং দেশের তরুণ শ্রোতাদের কাছে আলাদা জনপ্রিয়তা।
গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাকে। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তিনি অভিনয় করেন সামিরা খান মাহির বিপরীতে। এছাড়া কয়েক বছর আগে ‘সংশয়’ নামে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও একদিনের শুটিংয়ের পর প্রকল্পটি থেকে সরে দাঁড়ান তিনি।
ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন শেখ সাদী। একসময় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও সে আলোচনা এখন অতীত। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার সংসার জীবনে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন এই সংগীতশিল্পী। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে নতুন জীবনের পথচলা শুরু করতে যাচ্ছেন তিনি।