লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার রানার-আপ নাযাহ নাওয়ার শোবিজ অঙ্গনে পা রাখতেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। সাধারণত প্রতিযোগিতার বিজয়ীকেই লাক্সের মূল বিজ্ঞাপনে দেখা যায়। তবে এবার সেই প্রচলিত ধারার ব্যতিক্রম ঘটেছে। রানার-আপ হয়েও সবার আগে লাক্সের বিজ্ঞাপনের মুখ হয়ে স্ক্রিনে অভিষেক হয়েছে পাবনার মেয়ে নাযাহর।
সম্প্রতি মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পাস করা এই তরুণী তার সৌন্দর্য, আত্মবিশ্বাস ও দক্ষতা দিয়ে বিচারক এবং দর্শক সবার মন জয় করেছেন। নির্মাতা রাসেল শিকদারের পরিচালনায় নির্মিত লাক্সের নতুন বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
লাক্স-চ্যানেল আই সুপারস্টারের চুক্তি অনুযায়ী সামনে নির্মাতা শিহাব শাহীনের ওয়েব ফিল্ম এবং সিএমভির নাটকে কাজ করার কথা রয়েছে নাযাহর। তবে অভিনয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই লাক্সের বিজ্ঞাপনে এমন গুরুত্বপূর্ণ সুযোগ পাওয়াকে নিজের জন্য বড় অর্জন বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে নাযাহ বলেন, ‘লাক্সের বিজ্ঞাপনের মাধ্যমে ক্যারিয়ার শুরু করতে পারব, এটা এখনও আমার কাছে স্বপ্নের মতো লাগে। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর আমার একটাই লক্ষ্য ছিল, সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে কাজটি করা। দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও সাড়া পাচ্ছি, তাতে আমি সত্যিই অভিভূত।’
নিজের এই অর্জনের পেছনে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার, লাক্স-চ্যানেল আই পরিবার এবং নির্মাতা রাসেল শিকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
কম্পিউটার ইঞ্জিনিয়ার মো. নূরুল ইসলাম মণ্ডল ও গৃহিণী তাফরিনা আক্তারের মেয়ে নাযাহর অনুপ্রেরণার তালিকায় রয়েছেন বিপাশা হায়াত, জয়া আহসান, অপি করিম ও মেহজাবীন চৌধুরী। দুই বোন নীলিমা ও ফারিয়াকে নিজের সবচেয়ে কাছের বন্ধু মনে করেন তিনি।
শোবিজে যাত্রার শুরুতেই আলোচনায় এলেও তাড়াহুড়ো করে এগোতে চান না নাযাহ। অভিনয়ে নিজেকে আরও দক্ষ ও প্রস্তুত করে তোলাই এখন তার প্রধান লক্ষ্য। ভবিষ্যতে একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বড় পর্দায় কাজ করার স্বপ্নও দেখছেন এই নবাগত গ্ল্যামার কন্যা।