দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়কে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তামিল অভিনেত্রী ও প্রাক্তন নার্স জুলি অভিযোগ করেছেন, বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-র কিছু সমর্থকের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং ও মানসিক হয়রানির কারণে তিনি চরম মানসিক চাপের মুখে পড়েছিলেন, যার পরিণতিতে গর্ভপাতের শিকার হন।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জুলি জানান, বিয়ের পর প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এবং তার স্বামীকে নিয়ে লাগাতার কুরুচিপূর্ণ মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও অপপ্রচারের মুখোমুখি হতে হয়। তার দাবি, এই পরিস্থিতি তাকে গভীর মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেয় এবং শেষ পর্যন্ত তিনি তার অনাগত সন্তানকে হারান।
জুলি বলেন, ‘আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী।’ তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, বিজয় ব্যক্তিগতভাবে কোনো অপকর্মে জড়িত ছিলেন না। তার অভিযোগ, সমর্থকদের এমন আচরণ বন্ধে বা নিয়ন্ত্রণে আনতে বিজয় কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
এর আগে চলতি বছরের মার্চ মাসে এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন জুলি। অভিযোগে আটজনের নাম উল্লেখ করা হলেও পরে তাকে জানানো হয়, বিষয়টি ফৌজদারি অপরাধের আওতায় নয়, বরং দেওয়ানি মানহানির পর্যায়ে পড়ে।
অভিযোগ দায়েরের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এরপর সামাজিক মাধ্যমে তাকে জড়িয়ে ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’ সংক্রান্ত নানা অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার বলে উল্লেখ করেছেন।
জুলির মতে, রাজনৈতিক সমর্থকদের উচিত ভিন্নমতাবলম্বীদের হয়রানি না করে গঠনমূলক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়া। তবে তার এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত থালাপতি বিজয় বা তার দল টিভিকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।