অস্ট্রেলিয়া সফরে থাকা নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করছেন, তিনি আর দেশে ফিরবেন না। তবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ফারুকী।
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও তিনি এতদিন সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি। অবশেষে রোববার সকালে যুগান্তরের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে নিজের অবস্থান স্পষ্ট করেন এই নির্মাতা।
ফারুকী বলেন, উপদেষ্টা হওয়ার আগেও আমার একটি পেশাগত জীবন ছিল, এখনও আমি সেই পেশাতেই ফিরে যাচ্ছি। কাজের প্রয়োজনে এর আগেও বহুবার দেশের বাইরে গেছি, আবার কাজ শেষে দেশেও ফিরেছি।
তিনি আরও বলেন, উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পরও প্রয়োজন অনুযায়ী বিদেশে যেতে হবে। কাজ শেষ হলে দেশে ফিরব, আবার প্রয়োজন হলে বাইরে যাব। এবারও এর ব্যতিক্রম কিছু নয়।
এদিকে অভিনেত্রী অরুণা বিশ্বাসসহ কয়েকজনের মন্তব্যের পর তার অস্ট্রেলিয়া সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা আরও বেড়ে যায়। তবে ফারুকীর দাবি, সফরটি সম্পূর্ণ পেশাগত কারণে এবং দেশে না ফেরার যে গুঞ্জন ছড়ানো হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।