ঈদ মানেই ছোটপর্দার দর্শকদের জন্য বাড়তি আনন্দ, আর সেই আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ‘ছোটকাকু’ সিরিজ। বছরের পর বছর ধরে গোয়েন্দা ও দুঃসাহসিক গল্পভিত্তিক এই শিশুতোষ ধারাবাহিক দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও আসছে আট পর্বের নতুন সিরিজ ‘কিশোরগঞ্জের কিশোরদল’।
ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা। সিরিজটি নির্মাণ করেছেন দেশবরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সহ-নির্মাতা হিসেবে ছিলেন আরিফ খান। বর্তমানে ফরিদুর রেজা সাগর অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, আর আফজাল হোসেন রয়েছেন দিল্লিতে। ভৌগোলিক দূরত্ব থাকলেও ঢাকায় ইতোমধ্যে শেষ হয়েছে সিরিজটির পোস্ট-প্রোডাকশনের কাজ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এবারের ঈদে দর্শকদের জন্য বিশেষ চমক হয়ে উঠতে পারে ‘কিশোরগঞ্জের কিশোরদল’।
সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, জাকিয়া বারী মম, রওনক হাসান, আহসান হাবিব নাসিম, তাহমিনা সুলতানা মৌ, শাহেদ আলী, তানভীর হোসেন প্রবাল ও মারিয়া ফারিহা উপমাসহ আরও অনেকে।
এ প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ছোটবেলা থেকেই দুঃসাহসিক অভিযানভিত্তিক গল্পের প্রতি আমার আলাদা আগ্রহ ছিল। সেই ভালো লাগা থেকেই ‘ছোটকাকু’ সিরিজের সঙ্গে দীর্ঘদিনের পথচলা।
তিনি আরও জানান, শিশুদের জন্য দেশে খুব বেশি কাজ হয় না বলেই এই ধরনের নির্মাণে আলাদা আনন্দ খুঁজে পান তিনি।
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ‘কিশোরগঞ্জের কিশোরদল’।