নাট্যাঙ্গনে নতুন মুখ হিসেবে ধীরে ধীরে আলোচনায় উঠে আসছেন তরুণ মডেল ও অভিনেত্রী জেনিফার জুঁই। অল্প সময়ের মধ্যেই একাধিক নাটকে অভিনয় করে তিনি নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন। বিশেষ করে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে ভিন্নধর্মী চরিত্রে কাজ করার আগ্রহ তাকে আলাদা করে তুলছে।
ঈদকে কেন্দ্র করে একাধিক নাটকে দেখা গেছে এই অভিনেত্রীকে। এর মধ্যে রয়েছে “শালী আধা ঘরওয়ালি”, “কালো মেয়ে”, “স্টার জলসা পরিবার”, “কপাল মন্দ”, “স্বামী ভক্ত”, “শিক্ষকের সংসার”, “বাপের বিয়ে” এবং “প্রেম ভাই”—এর মতো নাটকগুলোতে তার অভিনয় ইতিমধ্যেই দর্শকের নজর কাড়ছে। পাশাপাশি বিভিন্ন ধারাবাহিক নাটকেও ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।
জেনিফার জুঁই জানান, তিনি নিজেকে শুধুই গ্ল্যামারাস চরিত্রে সীমাবদ্ধ রাখতে চান না। বরং গল্পনির্ভর ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করে একজন শক্তিশালী পারফর্মার হিসেবে নিজেকে গড়ে তুলতে চান। তার লক্ষ্য স্পষ্ট—ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই আলাদা পরিচিতি তৈরি করা।
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে মিডিয়ায় আসার পথটা তার জন্য একেবারেই সহজ ছিল না। পরিবারিক বাধা পেরিয়ে পড়াশোনার পাশাপাশি তিনি ধীরে ধীরে নাটকে কাজ শুরু করেন। এখনো সমানভাবে শিক্ষা আর অভিনয় দুটোই চালিয়ে যাচ্ছেন।
নিজের স্বপ্ন নিয়ে তিনি বলেন, সামনে আরও ভালো কাজ দিয়ে দর্শকের আস্থা অর্জন করতে চান। কঠিন চরিত্রে কাজ করতেই তার বেশি আগ্রহ, যেখানে অভিনয়ের আসল পরীক্ষা দিতে হয়।
সব মিলিয়ে, জেনিফার জুঁইকে ঘিরে নাট্যাঙ্গনে তৈরি হচ্ছে নতুন কৌতূহল। কে জানে, আগামী দিনে হয়তো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই তিনি হয়ে উঠবেন পরিচিত এক শক্ত নাম।