• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের রূপ-ঐতিহ্য নিয়ে আসিফ আকবরের ব্যতিক্রমী গান

হৃদয় খান / ৫৩ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঈদকে সামনে রেখে ব্যতিক্রমী আয়োজন নিয়ে হাজির হয়েছেন আসিফ আকবর ও লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। তাদের নতুন গান ‘রূপসী শ্রীমঙ্গল’ শুধু একটি গান নয়, বরং শ্রীমঙ্গলের প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘিরে নির্মিত একটি মিউজিক্যাল ফিল্ম। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ধ্রুব মিউজিক স্টেশন–এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এটি।

দুটি পাতা একটি কুঁড়ির দেশখ্যাত শ্রীমঙ্গলের সৌন্দর্যকে গীতিকবিতার আবহে তুলে ধরেছেন লন্ডনপ্রবাসী গীতিকবি কায়েস আজিজ। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সৈকত রেজা। আর গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত যুক্তরাজ্যপ্রবাসী সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ, যিনি বাংলা, উর্দু ও ভারতীয় চলচ্চিত্রের গানে কাজ করে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, তার গাওয়া গানের মধ্যে এটি একেবারেই ভিন্নধর্মী। শুধু বিনোদন নয়, শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে দর্শকদের সামনে তুলে ধরাই ছিল এই কাজের মূল লক্ষ্য। পাশাপাশি শ্রীমঙ্গলকে একটি নান্দনিক পর্যটন নগরী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টাও রয়েছে এতে।

রুবাইয়াত জাহান জানান, পুরো টিম আন্তরিকতা নিয়ে কাজটি সম্পন্ন করেছে। দর্শক-শ্রোতাদের ভালো লাগলেই তাদের এই প্রচেষ্টা সফল হবে বলে মনে করেন তিনি।

গান ও মিউজিক্যাল ফিল্মটির প্রকাশ উপলক্ষে রাজধানীর বনানী ক্লাবে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে সংগীতাঙ্গনের বিভিন্ন শিল্পী, সংগীত পরিচালক ও কলাকুশলীরাও অংশ নেন।

গানটির প্রকাশক এবং সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, লন্ডন সফরের সময় আসিফ আকবরের সঙ্গে এই গানের পরিকল্পনায় যুক্ত হন তিনি। ধ্রুব মিউজিকের ব্যানারে এমন একটি ব্যতিক্রমী কাজ প্রকাশ করতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে আরও বেশি গান ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি হওয়া প্রয়োজন, যাতে বিশ্বের মানুষ নতুনভাবে বাংলাদেশকে চিনতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ