সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, প্রতিটি প্রজন্মই তাদের নিজস্ব অভিজ্ঞতা ও বাস্তবতার মধ্য দিয়ে বেড়ে ওঠে। আজ যারা তরুণ, আগামী দিনে তারাই প্রবীণ হবেন। তাই নতুন প্রজন্মের চিন্তা ও সৃষ্টিশীলতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, তরুণদের দৃষ্টিভঙ্গি সবসময়ই আলাদা হয়। তাদের ভাবনার মধ্যেই ভবিষ্যতের সংস্কৃতি ও সমাজ গড়ে ওঠার ইঙ্গিত থাকে। এজন্য তরুণদের কাজকে উৎসাহ দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করেন তিনি।
নিজের অভিনয়জীবনের শুরুর সময়ের প্রসঙ্গ টেনে আজিজুল হাকিম বলেন, তাদের সময়ের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। সেই সময়কার সুযোগ-সুবিধা এবং কাজের পরিবেশ অনুযায়ীই তারা কাজ করেছেন। কিন্তু বর্তমান প্রজন্ম সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতায় বেড়ে উঠছে এবং সেই বাস্তবতাকে কেন্দ্র করেই তারা নিজেদের কাজ ও চিন্তা তৈরি করছে।
বর্তমান সময়ের তরুণ নির্মাতা ও শিল্পীদের প্রশংসা করে তিনি আরও বলেন, এখন অনেক নতুন নির্মাতার সঙ্গে কাজ করছেন, যারা অত্যন্ত ভালো কাজ করার চেষ্টা করছেন। তাদের সৃষ্টিশীলতা দেশের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও মন্তব্য করেন এই অভিনেতা।
তরুণদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে তিনি মনে করেন, নতুন প্রজন্মকে মূল্যায়ন করলেই শিল্প ও সংস্কৃতির পথ আরও সমৃদ্ধ হবে।