দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘৯ম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের নির্মাতা জীবন শাহাদাৎ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’। আগামী ৬ থেকে ১২ জুলাই ভারতের কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই আয়োজন। উৎসবটির আয়োজন করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া।
প্রয়াত কবি ও নির্মাতা তারেক মাহমুদ-এর কবিতা অবলম্বনে নির্মিত ‘সম্পর্ক’ ইতোমধ্যেই উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে। চলচ্চিত্রটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সুদীপ মুখার্জি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জীবন শাহাদাৎ, তামান্না তাশফিয়া, ওয়ালিউর রহমান, সাজু আহমেদ এবং সাইফুল টিটু-কে।
আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে নিজের জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন নির্মাতা জীবন শাহাদাৎ। তিনি বলেন, চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে পারা তার জন্য গর্বের বিষয়। একই সঙ্গে তিনি মনে করেন, সংস্কৃতি ও চলচ্চিত্র দুই বাংলার মানুষের সম্পর্ককে আরও গভীর ও আন্তরিক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় শিল্পীদের ভিসা প্রক্রিয়া সহজ করায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।