• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

‘আলী’ আমাকে নতুন পরিচয় দিয়েছে: আল আমিন

এম.আর.জে শান্ত / ২০ পঠিত
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

দ্বৈত কণ্ঠে গান গেয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তরুণ শিল্পী আল আমিন এখন অভিনয়েও দারুণ প্রশংসিত। গান থেকে শুরু হলেও বর্তমানে অভিনয়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের যাত্রা, ভাইরাল হওয়া এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ নিয়ে কথা বলেছেন এই তরুণ শিল্পী।
আল আমিন জানান, করোনাকালেই মূলত তার যাত্রা শুরু। চারদিকে যখন সবাই ঘরবন্দি, তখন নিজের প্রতিভা মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেন তিনি।
তার ভাষায়, কোভিডের সময় থেকেই শুরু করছি। সবাই যখন ঘরে বদ্ধ হয়ে আছে তখন ভাবলাম আমার যে ট্যালেন্ট আছে সেটা সবার সামনে শো করি।
দ্বৈত কণ্ঠে গান গাওয়ার বিষয়টি কীভাবে শুরু হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, শুরু থেকেই ভিন্নভাবে কিছু করার চেষ্টা করতেন। একসময় বন্ধুদের উৎসাহেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করা শুরু করেন।
তিনি বলেন, আমার কণ্ঠ অনেক চিকন ছিল। বন্ধুরা বলল এটা পোস্ট করো। পরে একটা গ্রুপে পোস্ট করলাম, এরপর সেটা ভাইরাল হয়ে যায়। তারপর থেকে কন্টিনিউ করছি।
রিয়েলিটি শোতে আসার গল্পটাও বেশ মজার। আল আমিন জানান, তার এক ছোট ভাই প্রথমে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেই অডিশনের ভিডিও ভাইরাল হওয়ার পর তিনিও আগ্রহী হয়ে ওঠেন।
ও সিলেক্ট হয়নি, কিন্তু আমি সিলেক্ট হয়ে গেছিলাম,যোগ করেন তিনি।


তবে গান দিয়েই পরিচিতি পেলেও অভিনয়ে আসার পেছনেও ছিল ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকার। আল আমিন জানান, সময় টিভিতে দেওয়া একটি সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর নির্মাতা আদনান আল রাজীব তার সঙ্গে যোগাযোগ করেন। এরপরই যুক্ত হন আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’-তে।
বর্তমানে গান এবং অভিনয় দুটো নিয়েই এগিয়ে যেতে চান তিনি। যদিও অভিনয়ের দিকেই ঝোঁকটা বেশি বলে জানালেন এই তরুণ।
তার ভাষায়, অভিনয়ে এত বড় অর্জন হয়ে গেল। ‘আলী’ প্রায় ত্রিশ-চল্লিশটা ফেস্টিভ্যালে চলেছে। তাই অভিনয়টাই এখন বেশি ভালো লাগে।
তিনি আরও জানান, তার একটি মৌলিক গানও তৈরি হয়েছে, যা খুব শিগগিরই প্রকাশ পাবে। গানটির গীতিকার ও সুরকার তারই সমবয়সী বন্ধু সঞ্জয় শীল।
নতুনদের উদ্দেশে আল আমিনের বার্তা, অনেক চেষ্টা করতে হবে। অনেক প্রতিকূলতা আসবে। মানসিকভাবে শক্ত থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category