
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি আরও সাহসী ও অ্যাডভেঞ্চারপ্রিয় হয়ে উঠছেন। আর সবচেয়ে মজার বিষয়—নিজেকে ধীরে ধীরে বাবার মতো দেখতে হয়ে উঠছেন বলেই নাকি উপভোগ করছেন বেশি। এমনটাই জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারের ‘র্যাপিড ফায়ার’ পর্বে বয়স নিয়ে প্রশ্নের উত্তরে জয়া বলেন, আমি দেখতে আমার বাবার মতো হয়ে যাচ্ছি। একই সঙ্গে জানান, সময়ের সঙ্গে সঙ্গে তিনি আরও অ্যাডভেঞ্চারাস হয়ে উঠছেন—এমন কিছু নেই, যা করতে নিজেকে ‘না’ বলেন।
গত ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সৌকর্য ঘোষাল পরিচালিত জয়া অভিনীত সিনেমা ওসিডি। ছবিটির প্রচারেই সাক্ষাৎকারে অংশ নেন তিনি। সেখানে দুই বাংলার সিনেমা নিয়েও কথা বলেন জয়া। তার ভাষায়, দুই ইন্ডাস্ট্রিতেই ভিন্নধর্মী কাজের সুযোগ পাচ্ছেন তিনি।
‘ওসিডি’র আগে তিনি কাজ করেছেন ডিয়ার মা ও পুতুলনাচের ইতিকথা-তে। তিনটি ছবিকে তিন ধরনের অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে জয়া বলেন, একটি পারিবারিক, একটি ক্ল্যাসিক ধাঁচের, আর ‘ওসিডি’র ভেতরে রয়েছে শক্তিশালী সামাজিক বার্তা। একজন শিল্পী হিসেবে এমন বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে পারাকে তিনি সৌভাগ্য মনে করেন।
গত বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে তার অভিনীত উৎসব ও তান্ডব সাফল্য পেয়েছে বলেও জানান জয়া। সামনে আরও নতুন কাজ আসছে উল্লেখ করে ‘রইদ’ নামের একটি ছবির কথাও বলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে জয়া বলেন, এটি তার ব্যক্তিগত জায়গা নয়; বরং জয়া আহসান নামের ইমেজটি তুলে ধরার একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম। তবে মাঝেমধ্যে ব্যক্তিগত কিছু বিষয়ও শেয়ার করেন।
বয়স নিয়ে প্রশ্নে শেষ পর্যন্ত নিজের স্বভাবসুলভ রসিকতাতেই জয়া জানিয়ে দিলেন—সময় বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, সাহসও বাড়ছে; আর বাবার মতো হয়ে ওঠাটাও তার কাছে আনন্দের।
Leave a Reply