ফুটবল বিশ্বকাপ এলেই তার উন্মাদনা ছড়িয়ে পড়ে শোবিজ অঙ্গনেও। প্রিয় দলকে সমর্থন জানাতে পিছিয়ে থাকেন না তারকারাও। এবার আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।
রোববার (১৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন তিনি। পোস্টটির ক্যাপশনে শুধু লিখেছেন, ‘Argentina’। সঙ্গে ছিল আকাশি-সাদা পতাকা ও লাল হৃদয়ের ইমোজি।
ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে শাড়ি ও গহনায় সজ্জিত পরীমণিকে ঘিরে ভক্তদের ব্যাপক উপস্থিতি। ক্যামেরার সামনে এসে তিনি দুই হাত দিয়ে ভালোবাসার প্রতীক ‘লাভ সাইন’ তৈরি করেন। পরে হাসিমুখে ক্যামেরার উদ্দেশে ছুঁড়ে দেন একটি ফ্লাইং কিস। তার এমন আন্তরিক অভিব্যক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত ভক্তরাও। অনেককে তার সঙ্গে লাভ সাইন দেখিয়ে ছবি ও ভিডিওতে অংশ নিতে দেখা যায়।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। আর্জেন্টিনা সমর্থকরা লাইক, মন্তব্য ও শেয়ারে ভরিয়ে দেন পোস্টটি। বিশ্বকাপের আবহে পরীমণির এই প্রকাশ্য সমর্থন ফুটবলপ্রেমীদের মধ্যেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রূপালি পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী যে মাঠের খেলাতেও আর্জেন্টিনার প্রতি বিশেষ অনুরাগী, তার সাম্প্রতিক পোস্টে সেটাই স্পষ্ট হয়ে উঠেছে।