তিন বছর আগে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ দেশের চলচ্চিত্র অঙ্গনে যে আলোড়ন তুলেছিল, তার রেশ এখনও কাটেনি। দর্শকপ্রিয়তা, বক্স অফিস সাফল্য এবং সমালোচকদের প্রশংসা অর্জনের পর এবার আনুষ্ঠানিকভাবে আসছে সিনেমাটির সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’। নতুন এই চলচ্চিত্রে আবারও এক হচ্ছেন নির্মাতা রায়হান রাফি ও অভিনেতা আফরান নিশো।
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ ছিল আফরান নিশোর বড় পর্দায় অভিষেকের সিনেমা। ‘মাসুদ’ চরিত্রে তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। একই সঙ্গে সিনেমাটি দেশ-বিদেশে ব্যবসায়িক সফলতা অর্জনের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও একাধিক বিভাগে সম্মাননা লাভ করে।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড জানিয়েছে, ‘সুড়ঙ্গ-২’ প্রথম সিনেমার গল্পের ধারাবাহিকতায় নির্মিত হবে। তবে এটি শুধু আগের গল্পের পুনরাবৃত্তি নয়, বরং আরও বিস্তৃত পরিসরে নতুন কিছু চরিত্র, ঘটনা এবং চমক নিয়ে এগিয়ে যাবে কাহিনি। নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানের উপস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
পরিচালক রায়হান রাফির ভাষ্য, ‘সুড়ঙ্গ’ তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দর্শকদের প্রত্যাশাকে সামনে রেখে এবার আরও বড় পরিসরে গল্প বলার চেষ্টা করা হচ্ছে। তিনি মনে করেন, নতুন সিনেমাটি শুধু একটি সিক্যুয়েল নয়, বরং একটি নতুন সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়ে উঠবে।
অন্যদিকে আফরান নিশো বলেন, ‘সুড়ঙ্গ’ তার অভিনয়জীবনের একটি বিশেষ অধ্যায়। ‘মাসুদ’ চরিত্রের প্রতি দর্শকদের ভালোবাসা তাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। সিক্যুয়েলে দর্শকদের জন্য নতুন গল্পের পাশাপাশি থাকবে বেশ কিছু অপ্রত্যাশিত চমক।
বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘সুড়ঙ্গ-২’।