দীর্ঘ অপেক্ষা আর একাধিকবার পিছিয়ে যাওয়ার পর আবারও আলোচনায় এসেছে পরীমনি ও নীরব অভিনীত চলচ্চিত্র ‘গোলাপ’। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও নানা কারণে এর নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। তবে এবার নতুন করে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা নীরবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। জানা গেছে, ‘গোলাপ’-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও শুটিং শুরুর বিষয় নিয়ে আলোচনার পর তোলা হয়েছিল ছবিটি। সেই পোস্ট ঘিরেই নতুন করে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে নীরব জানান, কয়েক দফা পিছিয়ে গেলেও ‘গোলাপ’-এর কাজ থেমে নেই। বরং খুব শিগগিরই শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ নিয়ে নিয়মিত আলোচনা চলছে এবং পরীমনির সঙ্গেও বিস্তারিত কথা হয়েছে বলে জানান তিনি।
ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা ও ক্ষমতার নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী এ সিনেমা। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা।
সবকিছু ঠিক থাকলে বহু প্রতীক্ষিত এই সিনেমার কাজ শিগগিরই শুরু হবে বলে আশা করছেন নির্মাতা ও শিল্পীরা।