রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশ। সাধারণ মানুষের পাশাপাশি এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। শিশু রামিসার জন্য বিচার দাবি করে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান।
বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। তার ভাষায়, একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি।
শাকিব খান লেখেন, শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া এই নির্মম ঘটনা দেশের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তিনি দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বলেন, এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে অপরাধীরা ভয় পায় এবং সমাজে স্পষ্ট বার্তা পৌঁছে যায়।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের জঘন্য অপরাধের বিচার বিলম্বিত হওয়া মানে ভুক্তভোগী পরিবারের কষ্ট আরও দীর্ঘ করা। তাই এখনই আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার সময় এসেছে, যেন আর কোনো রামিসাকে এমন নিষ্ঠুরতার শিকার হতে না হয়।
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগীসহ সাধারণ মানুষও শিশু রামিসার জন্য দ্রুত বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করছেন।