ক্যাম্পাসজীবনের অন্ধকার বাস্তবতা, হল সংস্কৃতির চাপা গল্প আর ছাত্ররাজনীতির ক্ষমতার লড়াইকে পর্দায় তুলে আনছে নতুন সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে কোরবানির ঈদে সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা আকাশ হক।
বিশ্ববিদ্যালয় জীবনের চেনা-অচেনা নানা অভিজ্ঞতা নিয়ে নির্মিত এই সিনেমায় দেখানো হয়েছে আদর্শের সংঘাত, রাজনৈতিক প্রভাব, দখলদারিত্ব এবং তরুণদের টিকে থাকার সংগ্রাম। নির্মাতা আকাশ হক জানিয়েছেন, গল্পটিকে যতটা সম্ভব বাস্তবতার কাছাকাছি রাখার চেষ্টা করেছেন তারা।
তিনি বলেন, আমরা এমন কিছু বিষয় দেখাতে চেয়েছি, যেগুলো নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু ভেতরের চিত্রটা খুব কম মানুষই দেখতে পায়। সিনেমাটি সেই অজানা দিকগুলো তুলে ধরবে।
ছবিটির প্রযোজনার দায়িত্বও পালন করেছেন আকাশ হক নিজেই। এতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালা।
ঈদে মুক্তির কারণ ব্যাখ্যা করে নির্মাতা জানান, উৎসবকেন্দ্রিক সময়গুলোতেই দেশের সিনেমা হলগুলোতে দর্শকের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে। সেই সুযোগকে কাজে লাগাতেই ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।
তবে বড় বাজেটের কয়েকটি সিনেমার সঙ্গে একই সময়ে মুক্তি পাওয়ায় হল সংকটের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। এ বিষয়ে বিভিন্ন সিনেপ্লেক্সের সঙ্গে আলোচনা চলছে বলে জানান নির্মাতা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রদর্শনী এবং বিকল্প প্ল্যাটফর্ম নিয়েও ভাবনা রয়েছে তাদের।
এরই মধ্যে চলচ্চিত্রটি বিভিন্ন উৎসবে প্রশংসা কুড়িয়েছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারমা বিভাগে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’-এ অর্জন করেছে হীরালাল সেন পদক।