বাংলা চলচ্চিত্রের ইতিহাসে দর্শকপ্রিয় জুটির কথা উঠলেই সবার আগে আসে সালমান শাহ ও শাবনূর-এর নাম। নব্বই দশকে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে তারা হয়ে উঠেছিলেন দর্শকদের আবেগের অংশ। দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটির আলোচিত সিনেমা ‘তোমাকে চাই’।
আগামী বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হবে সিনেমাটির বিশেষ উন্মুক্ত প্রদর্শনী। দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন নব্বইয়ের দশকের এই জনপ্রিয় চলচ্চিত্র।
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘তোমাকে চাই’ পরিচালনা করেন মতিন রহমান। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনূরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা এবং রীনা খান। মুক্তির পর সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে এবং সময়ের অন্যতম জনপ্রিয় রোমান্টিক চলচ্চিত্র হিসেবে দর্শকমহলে জায়গা করে নেয়।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের এই আয়োজনের মাধ্যমে পুরোনো বাংলা সিনেমাগুলো নতুন প্রজন্মের দর্শকদের সামনে আবারও বড় পর্দায় তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগ্রহী দর্শকরা নির্ধারিত সময়ে মিলনায়তনে উপস্থিত হয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
চলচ্চিত্রের ঐতিহ্য সংরক্ষণ এবং ক্লাসিক বাংলা সিনেমার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই নিয়মিত এমন আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।