• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

চুম্বন দৃশ্যের শর্তে আপত্তি, কাজ হারানোর অভিযোগ অভিনেত্রীর

ডেস্ক নিউজ / ২৮ পঠিত
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

বলিউডের চকচকে পর্দার আড়ালে থাকা বাস্তবতা এবার সামনে আনলেন অভিনেত্রী নওহিদ সাইরুসি। দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে থাকার পর তিনি খোলামেলা জানান, ইন্ডাস্ট্রির অভিজ্ঞতাই ধীরে ধীরে তাঁকে অভিনয়জগৎ থেকে সরিয়ে দিয়েছে।

‘আনওয়ার’ সিনেমার মাধ্যমে পরিচিত এই অভিনেত্রীকে অনেকদিন ধরেই নতুন কোনো প্রজেক্টে দেখা যায়নি। ভক্তদের প্রশ্নের মুখে অবশেষে তিনি ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেন। সেখানে তিনি বলেন, অভিনয়ের ভেতরে থাকা কিছু অঘোষিত নিয়ম আর চাপই তাঁর জন্য কাজ করা কঠিন করে তুলেছিল।

নওহিদের অভিযোগ, অনেক সময় চুক্তির অংশ হিসেবেই ধরে নেওয়া হয় ঘনিষ্ঠ বা চুম্বনের দৃশ্যে অভিনয় করতে হবে, যা সবসময় গল্পের প্রয়োজনে থাকে না। নিজের অস্বস্তির কথা জানাতে গিয়ে তিনি বলেন, এমন অবস্থানে রাজি না হওয়ায় একাধিক কাজ থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে।

শুধু অভিনয়ের শর্ত নয়, পারিশ্রমিক নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, কাজ শেষ হওয়ার পরও চুক্তি অনুযায়ী পুরো টাকা পাওয়া যায় না, প্রায় ২৫ শতাংশ অর্থ আটকে রাখা হয় নানা অজুহাতে।

এছাড়া ইন্ডাস্ট্রির নির্দিষ্ট একটি গোষ্ঠীর বাইরে থাকায় ভালো সুযোগ পাওয়া তাঁর জন্য কঠিন ছিল বলেও জানান নওহিদ। ফলে তাঁকে অনেক সময় সীমিত চরিত্রে কাজ করতে হয়েছে, যেগুলোতে তিনি তেমন আগ্রহী ছিলেন না।

সবকিছু থেকে দূরে সরে এখন তিনি নতুনভাবে নিজেকে খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামকে তিনি নিজের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গা হিসেবে দেখছেন, যেখানে কোনো চাপ ছাড়াই নিজের মতো করে কাজ ও প্রকাশ করতে পারছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category