শিশুদের কণ্ঠে গান, কবিতা ও ছড়ায় ফিরে এলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা। নজরুলের সাহিত্য ও জীবনদর্শনকে শিশু-কিশোরদের কাছে আরও সহজভাবে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘শিশুদের নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ণমালা শিশু কিশোর সংগঠনের আয়োজনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে কবির সাহিত্যকর্মের পাশাপাশি শিশুদের প্রতি নজরুলের বিশেষ মনোভাব এবং তাঁর সৃষ্টিতে ফুটে ওঠা শিশুমনের নানা দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উর্মী আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) সাধারণ সম্পাদক দুলাল খানসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা।

আলোচনায় বক্তারা নজরুলের সাহিত্যকে শিশুদের মানসিক বিকাশের সঙ্গে সম্পৃক্ত করে বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, শিশুদের কল্পনা, কৌতূহল, দুরন্তপনা ও স্বপ্নকে নজরুল কীভাবে তাঁর কবিতা, ছড়া ও গানে ধারণ করেছেন। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সাহসী হওয়ার পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও সাম্যের চেতনা গড়ে তুলতে নজরুলের সাহিত্য কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের শিশুদের সামনে নজরুলের সাহিত্য নতুনভাবে উপস্থাপন করা প্রয়োজন। কারণ তাঁর সৃষ্টির আনন্দময় দিকের পাশাপাশি সেখানে রয়েছে মানবিকতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা। ছোটবেলা থেকেই এসব মূল্যবোধের সঙ্গে শিশুদের পরিচয় ঘটাতে পারলে তা তাদের চিন্তা ও মননে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
আলোচনা পর্বের পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। বর্ণমালা শিশু কিশোর সংগঠনের শিল্পীরা নজরুলের দেশাত্মবোধক গান, নজরুলগীতি, শিশুতোষ ছড়া ও কবিতা পরিবেশন করেন। শিশু শিল্পীদের পরিবেশনায় কবির সৃষ্টির বিভিন্ন দিক উঠে আসে, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের অংশগ্রহণের মধ্য দিয়ে নজরুলকে তাদের কাছে আরও আপন করে তোলা এবং তাঁর মানবিক ও অসাম্প্রদায়িক দর্শনের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।