প্রায় তিন দশক আগে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে দায়ের হওয়া বহুল আলোচিত হত্যা মামলায় নতুন অগ্রগতি হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি ও চলচ্চিত্রের পরিচিত খলনায়ক আশরাফুল হক ডন-কে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়ের রানা শুনানি শেষে এই আদেশ দেন। তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত পাঁচ দিনের আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, রিমান্ড শুনানির জন্য ডনকে কারাগার থেকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ তার জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা তুলে ধরলে বিচারক আদেশ প্রদান করেন।
এর আগে ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে সিআইডি তাকে আদালতে সোপর্দ করলে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন (সালমান শাহ)-কে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।