• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

প্রেম-সংগ্রামের সাঁওতাল জীবনে সনি রহমান-বৃষ্টি চৌধুরী

এম.আর.জে শান্ত / ৯৯ পঠিত
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। তবে এটি শুধু একটি জনগোষ্ঠীর জীবনচিত্র নয়, বরং তাদের ভালোবাসা, সম্পর্ক, স্বপ্ন, বেঁচে থাকার সংগ্রাম এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলার গল্প। বাস্তবতার কাছাকাছি মানবিক একটি গল্প দর্শকদের সামনে তুলে ধরার লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ করছেন সংশ্লিষ্টরা।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীকে। এরই মধ্যে দেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। টাঙ্গাইল, ময়মনসিংহসহ কয়েকটি জেলায় হওয়া এই শুটিংয়ে অংশ নিয়েছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকারসহ অনেকে।

‘মন পাখি’র গল্প, নির্মাণ ও চরিত্র নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে অভিনেতা সনি রহমানের মধ্যেও। তার মতে, ক্যারিয়ারে বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও এ ধরনের চরিত্রে আগে কাজ করার সুযোগ হয়নি। বিশেষ করে সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপনকে এতটা কাছ থেকে ধারণ করে নির্মিত গল্পে অভিনয় তার জন্য নতুন অভিজ্ঞতা।

সনি রহমান বলেন, আমার অভিনয় ক্যারিয়ারে অনেক নাটক ও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু এমন গল্পে আগে অভিনয় করা হয়নি। এমনকি সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এ ধরনের গল্প নিয়ে সিনেমা হয়েছে কি না, সেটিও আমার জানা নেই। বাস্তব জীবনের গল্প হওয়ায় চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং।

সিনেমাটির কাহিনি ও পরিচালনায় রয়েছেন টিনা খান। চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে যুক্ত আছেন সৈয়দ মাসুম। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, সাঁওতাল জনগোষ্ঠীর দৈনন্দিন জীবন থেকে শুরু করে তাদের সংস্কৃতি, পারিবারিক সম্পর্ক, প্রেম-ভালোবাসা এবং জীবনের নানা টানাপোড়েন গল্পের বিভিন্ন স্তরে উঠে আসবে।

প্রথম ধাপের কাজ শেষ হলেও ‘মন পাখি’র যাত্রা এখনও বাকি। পরবর্তী লটের শুটিংয়ে যুক্ত হওয়ার কথা রয়েছে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি ও প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ আরও কয়েকজন পরিচিত শিল্পীর।

প্রচলিত গল্পের বাইরে গিয়ে মানুষের জীবন ও বাস্তবতাকে গুরুত্ব দিয়ে নির্মিত হচ্ছে ‘মন পাখি’। সাঁওতাল সমাজের জীবন ও সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি এই চলচ্চিত্রটি শেষ পর্যন্ত দর্শকদের সামনে কতটা ভিন্ন অভিজ্ঞতা তৈরি করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ