• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

চার বছর পর ওটিটিতে ফিরল রোশান-পূজার ‘সাইকো’

ডেস্ক নিউজ / ৩৩ পঠিত
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় চার বছর পর ডিজিটাল প্ল্যাটফর্মে এসেছে জিয়াউল রোশান ও পূজা চেরী অভিনীত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘সাইকো’। অনন্য মামুন পরিচালিত ছবিটি সম্প্রতি দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে। ফলে যারা হলে সিনেমাটি দেখার সুযোগ পাননি, তারা এখন ঘরে বসেই উপভোগ করতে পারবেন।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে দেশের এক প্রভাবশালী মন্ত্রীর মেয়েকে ঘিরে। বিশ্ববিদ্যালয়ের একটি জমকালো অনুষ্ঠানের মাঝেই রহস্যজনকভাবে অপহৃত হয় সে। শুরুতে ঘটনাটিকে রাজনৈতিক প্রতিশোধ বা পুরোনো শত্রুতার ফল বলে মনে হলেও তদন্তের অগ্রগতির সঙ্গে একের পর এক বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য।

রহস্যের জট খুলতে গিয়ে গল্পে আবির্ভাব ঘটে এক অদ্ভুত মানসিকতার রহস্যময় যুবকের। তার উপস্থিতিই পুরো ঘটনাকে নতুন মোড়ে নিয়ে যায়। অপহরণের নেপথ্যের সত্য এবং যুবকটির সঙ্গে ঘটনার যোগসূত্র খুঁজতে খুঁজতেই এগিয়ে যায় কাহিনি।

অ্যাকশন, সাসপেন্স ও রহস্যের মিশেলে নির্মিত ‘সাইকো’ ২০২২ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। দীর্ঘ বিরতির পর ওটিটিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আবারও দর্শকদের আলোচনায় জায়গা করে নিয়েছে।

রোশান ও পূজা চেরীর পাশাপাশি ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, সুব্রত এবং ফারহান খান রিও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ