কাজল আগারওয়াল দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয়তম অভিনেত্রীদের একজন। শুধু দক্ষিণেই নয়, ভারতের বাইরেও তার জনপ্রিয়তা ও সৌন্দর্যের কদর রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিলেও কিছু বড় বাজেটের ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য কিংবা খোলামেলা পোশাকে অভিনয় করতে তিনি কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করেননি।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন কাজল। তিনি জানান, শুরু থেকেই নিজের জন্য একটি ব্যক্তিগত সীমারেখা ঠিক করে রেখেছেন এবং সেই অবস্থান থেকে কখনো সরে আসেননি।
অভিনেত্রীর ভাষ্য, আমি কোনোদিন এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনি পরে অভিনয় করতে আমি স্বচ্ছন্দ নই। তাই এমন প্রস্তাব এলে না বলে দিই। এ কারণে অনেক বড় সিনেমার সুযোগ হাতছাড়া হয়েছে, কিন্তু তাতে আমার কোনো আক্ষেপ নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না।
ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সংসার পেতেছেন কাজল। তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। মা হওয়ার পর অভিনয়ের ক্ষেত্রে তিনি আরও সচেতন হয়েছেন বলে জানান। এখন সিনেমা নির্বাচন করার সময় ছেলের কথাও মাথায় রাখেন।
এ প্রসঙ্গে কাজল বলেন, ‘আমার ছেলে বড় হয়ে যখন আমার সিনেমা দেখবে, তখন যেন কোনো অস্বস্তি বোধ না করে। আমি চাই, সে গর্বের সঙ্গে আমার কাজ দেখুক। তাই এখন সেই ভাবনা মাথায় রেখেই চরিত্র ও সিনেমা বেছে নিই।
তবে নিজের সিদ্ধান্ত অন্যের ওপর চাপিয়ে দিতে চান না এই অভিনেত্রী। তার মতে, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করবেন কি না, সেটি সম্পূর্ণ একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত।
কাজলের কথায়, এটা একান্তই ব্যক্তিগত বিষয়। একজন পুরুষ শিল্পীও নিজের মতো সিদ্ধান্ত নিতে পারেন তিনি এমন দৃশ্যে অভিনয় করবেন কি না। সিদ্ধান্তটা ভেতর থেকে আসা উচিত। তবে নারীরা এ ক্ষেত্রে সাধারণত একটু বেশি সতর্ক থাকেন।
২০০৪ সালে ‘কিউ! হো গায়া না…’ সিনেমার ছোট একটি চরিত্রের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন কাজল আগারওয়াল। এরপর অল্প সময়ের মধ্যেই নায়িকা হিসেবে নিজের অবস্থান শক্ত করেন। ‘চান্দামামা’, ‘মাগাধীরা’সহ একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হন তিনি।