দ্বিতীয় সন্তানের জন্মের পর ছেলে সন্তানের প্রত্যাশা করেছিলেন কি না, এমন এক প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী সারা খান। তার ভাষ্য, সন্তান ছেলে না মেয়ে, সেটি কখনোই তার বা তার স্বামী, জনপ্রিয় গায়ক ফালাক শাবিরের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। তারা চেয়েছিলেন শুধু একটি সুস্থ ও স্বাভাবিক সন্তান।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সারা খান। সেখানে এক অনুরাগী জানতে চান, দ্বিতীয়বার মা হওয়ার সময় তিনি ছেলে সন্তান আশা করেছিলেন কিনা।
জবাবে অভিনেত্রী বলেন, আমরা শুধু একটি সন্তান চেয়েছিলাম (লিঙ্গ আমাদের কাছে মুখ্য ছিল না)।
বর্তমানে আলিয়ানা ও রানিয়া নামের দুই কন্যাসন্তানের মা সারা খান। প্রশ্নোত্তর পর্বে মাতৃত্ব তার জীবনকে কীভাবে বদলে দিয়েছে, সেই অভিজ্ঞতাও ভাগ করে নেন তিনি।
বিয়ের আগে বা সন্তান হওয়ার আগের জীবনের কোন বিষয়টি সবচেয়ে বেশি মিস করেন, এমন প্রশ্নের উত্তরে সারা জানান, দুই সন্তানের মা হওয়ার পর একমাত্র ‘একটানা গভীর ঘুম’ ছাড়া আর কিছুই তার মিস হয় না।
এদিকে চলমান ফুটবল বিশ্বকাপ নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে রসিকতার সুরে তিনি বলেন, আজকাল আমি শুধু একটাই খেলা দেখছি, আর তা হলো আমার দুই মেয়ে।
মাতৃত্ব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সারা বলেন, তার জীবন এখন আগের চেয়ে আরও সুন্দর। ব্যস্ততা বেড়েছে, তবে সেটিই এখন তার সবচেয়ে আনন্দের সময়।
অভিনেত্রীর ভাষায়, ‘আমার জীবন এখন আরও সুন্দর হয়ে উঠেছে। আগের চেয়ে ব্যস্ততা অনেক বেড়েছে ঠিকই, কিন্তু এটাই আমার জীবনের সেরা সময়। আমি আমার মেয়েদের ভীষণ ভালোবাসি। তারা আমার ওপর আল্লাহর দেওয়া সেরা নেয়ামত।
মা হিসেবে নিজের সবচেয়ে বড় লক্ষ্য সম্পর্কেও কথা বলেন সারা। তিনি জানান, সন্তানদের দয়ালু ও সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চান। একই সঙ্গে তিনি সব বিবাহিত নারীর জন্য সুস্থ সন্তানের দোয়া করেন।
উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা দানিশ তৈমুরের সঙ্গে ‘শের’ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সারা খান। শিগগিরই জনপ্রিয় অভিনেতা ফিরোজ খানের বিপরীতে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের নতুন নাটকে দেখা যাবে তাকে।