বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম সংস্করণে বাংলাদেশের জন্য এলো গৌরবের সংবাদ। ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ বিভাগে সেরা চিত্রগ্রহণের পুরস্কার জিতেছেন বাংলাদেশি চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক। নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’–এর জন্য তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন।
শনিবার (২০ জুন) উৎসবের সমাপনী আয়োজনে ‘গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডস’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ‘সাঁকোটা দুলছে’ শুরু থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্রবোদ্ধা ও সমালোচকদের আগ্রহের কেন্দ্রে ছিল।
৮০ মিনিট দৈর্ঘ্যের সাদা-কালো এই চলচ্চিত্রে উঠে এসেছে বাংলাদেশের গ্রামীণ জনপদের বাস্তবতা, সামাজিক কুসংস্কার এবং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার শিকার তিন নারীর জীবনসংগ্রামের গল্প। একই সঙ্গে এক অন্ধ তরুণীর স্বপ্নপূরণের লড়াই এবং একটি রহস্যময় হাতির আগমনকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির মূল কাহিনি।
চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব পালন করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজক হিসেবে রয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম ও মামুন রেজাসহ একঝাঁক তরুণ শিল্পী।
সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে এই অর্জন বাংলাদেশের স্বাধীন ধারার চলচ্চিত্রকে নতুন করে বিশ্বদরবারে আলোচনায় নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।