নদী আর জাহাজে ভাসমান মানুষের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মাস্তুল’। জাহাজকর্মীদের সংগ্রাম, বিচ্ছিন্নতা, আনন্দ-বেদনা এবং জলপথে কাটানো দীর্ঘ জীবনের গল্পই উঠে এসেছে সিনেমাটিতে। সেই গল্পের আবহ আরও গভীর করতে চলচ্চিত্রটির প্রচারে যুক্ত করা হয়েছে পল্লিকবি জসীমউদ্দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’।
নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, সিনেমার গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি গান খুঁজছিলেন তারা। শুরুতে নতুন গান তৈরির পরিকল্পনা থাকলেও আলোচনার একপর্যায়ে বারবার ফিরে আসে ‘আমায় ভাসাইলি রে’ গানটির নাম। শেষ পর্যন্ত সেটিকেই বেছে নেয় পুরো টিম।
গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। আর কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু।
গানটি নির্বাচন প্রসঙ্গে নির্মাতা বলেন, মাস্তুল মূলত নদীর ওপর ভেসে থাকা মানুষের গল্প। সিনেমাজুড়ে নদী একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই নদীকেন্দ্রিক কোনো গান ব্যবহার করার পরিকল্পনা ছিল। নতুন গান করার ভাবনা থাকলেও বারবার ‘আমায় ভাসাইলি রে’ গানটিই মনে আসছিল। পরে সবার সঙ্গে আলোচনা করে এটিই চূড়ান্ত করি।
তিনি আরও বলেন, গানটি নির্বাচনের পর মনে হয়েছে বাবু ভাইয়ের কণ্ঠই এর জন্য সবচেয়ে উপযুক্ত। তাঁর কণ্ঠে এক ধরনের মায়া আছে। লোকগানের প্রতি তার আলাদা দখল রয়েছে, যা শ্রোতাদের কাছেও বরাবরই প্রশংসিত।
শুধু গানেই নয়, ‘মাস্তুল’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া অভিনয়ে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যাসহ আরও অনেকে।
গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার পর একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে ‘মাস্তুল’। বিভিন্ন মহলে প্রশংসাও কুড়িয়েছে সিনেমাটি। একই বছর দেশে মুক্তির ছাড়পত্র পেলেও নানা কারণে প্রেক্ষাগৃহে আসতে পারেনি।
মুক্তি বিলম্বিত হওয়ার কারণ ব্যাখ্যা করে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, সিনেমার প্রচারণার জন্য প্রয়োজনীয় অর্থ সময়মতো জোগাড় করতে না পারায় মুক্তি পিছিয়ে যায়। মস্কো থেকে ফেরার পর স্পনসর পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম, কিন্তু সেটা হয়নি। অনেকেই এমন কিছু শর্ত দিয়েছিল, যেগুলো মেনে নিলে সিনেমাটি আর নিজের মতো থাকত না। আমি কোনো আপস করতে চাইনি। তাই নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে গেছি।
অবশেষে সব বাধা কাটিয়ে আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’। এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে ফজলুর রহমান বাবুর কণ্ঠে ‘আমায় ভাসাইলি রে’ গানটি প্রকাশের মাধ্যমে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা।