‘রেহানা মারিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশীয় দর্শক, সবার নজরে আসেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। দীর্ঘ প্রতীক্ষার পর এবার নতুন করে আলোচনার কেন্দ্রে তার নির্মিত ওয়েব সিরিজ ‘অ্যানি’। সোমবার প্রকাশিত ট্রেলারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মাত্র ১ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারেই নির্মাতা যেন জানিয়ে দিয়েছেন, দর্শকদের জন্য ভিন্নধর্মী কিছু অপেক্ষা করছে। ট্রেলারে দেখা গেছে নাজিফা তুষি, সাইমন সাদিক, ইয়াশ রোহান, সারিকা সাবরিনসহ একাধিক পরিচিত মুখকে। তবে সবচেয়ে বেশি বিস্ময় তৈরি করেছে তাদের চরিত্রের রূপান্তর।
বিশেষ করে নাজিফা তুষিকে একেবারেই নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শক। ‘হাওয়া’ সিনেমার রইসের স্ত্রী কিংবা সাম্প্রতিক কাজগুলোতে যেভাবে তাকে দেখা গেছে, ‘অ্যানি’তে তার সঙ্গে সেই পরিচিত চেহারার যেন কোনো মিলই নেই। ট্রেলারে তাকে দেখা গেছে এক সংগ্রামী, জটিল এবং রহস্যময় চরিত্রে, যা ইতোমধ্যে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
অন্যদিকে চিত্রনায়ক সাইমন সাদিকের রূপান্তরও নজর কেড়েছে সবার। বাণিজ্যিক চলচ্চিত্রের পরিচিত ইমেজ ভেঙে সম্পূর্ণ নতুন এক সাইমনকে তুলে এনেছেন সাদ। ট্রেলার প্রকাশের পর সহকর্মী ও দর্শকদের অনেকেই তার অভিনয় ও লুকের প্রশংসা করছেন। কেউ কেউ এটিকে তার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় বলেও মন্তব্য করেছেন।
ইয়াশ রোহানের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। নাটকে ভদ্র, শান্ত কিংবা রোমান্টিক চরিত্রে পরিচিত এই অভিনেতাকে এমন ভাঙাগড়া চেহারায় দেখে অনেক দর্শকেরই তাকে চিনতে কষ্ট হয়েছে। ট্রেলারে তার উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ‘অ্যানি’তে অভিনয় করেছেন নাজিফা তুষি। একজন সেবিকার চরিত্রে দেখা যাবে তাকে, যে নিজের পাঁচ ভাইবোনকে আগলে রাখার কঠিন দায়িত্ব পালন করে। কিন্তু জীবনের এক অপ্রত্যাশিত মোড় তার সবকিছু বদলে দেয়। এরপরই প্রতিশোধ, সংগ্রাম ও বেঁচে থাকার এক নতুন যাত্রায় পা রাখে অ্যানি।
ইতোমধ্যে জার্মানির কোলনে ‘সিনেনোভা’ ভেন্যুর থিয়েটার-৩-এ অনুষ্ঠিত হয়েছে সিরিজটির বিশ্ব প্রিমিয়ার। এতে আরও অভিনয় করেছেন ফারহানা মিঠু, নাজাহসহ আরও অনেকে।
ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। এখন অপেক্ষা শুধু, আবদুল্লাহ মোহাম্মদ সাদের নতুন এই নির্মাণ পর্দায় কতটা আলোড়ন তুলতে পারে তা দেখার।