‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎ শারীরিক অসুস্থতায় ভুগছেন। জনপ্রিয় এই নির্মাতা জানিয়েছেন, শুটিং চলাকালে হঠাৎ গলায় গুরুতর সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেছেন এবং আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অমি। তিনি জানান, কয়েকদিন ধরেই দাঁতের সমস্যাজনিত কারণে অসুস্থ ছিলেন। চিকিৎসা চললেও পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ে অংশ নেন।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, শুটিং চলাকালে আচমকাই গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন তিনি। ধীরে ধীরে তার কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে কথা বলা প্রায় অসম্ভব হয়ে যায়। পরিস্থিতি তাকে ভীত করে তোলে। পরে শুটিং বন্ধ করে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার গলায় সিস্টের উপস্থিতি নিশ্চিত করেন। একই সঙ্গে তাকে সাত দিন সম্পূর্ণ নীরব থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
নিজের পোস্টে অমি জানান, তিনি সবসময় কাজের মধ্যেই থাকতে পছন্দ করেন। নিয়মিতভাবে দর্শকদের জন্য নতুন পর্ব নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন। তাই এই হঠাৎ শারীরিক জটিলতা তাকে মানসিকভাবেও বেশ উদ্বিগ্ন করে তুলেছে।
তবে দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে আশাবাদী এই নির্মাতা। ভক্তদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, সবার ভালোবাসা ও প্রার্থনাই তাকে এই কঠিন সময় পার হতে সাহস জোগাবে।
এদিকে অমির অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং অসংখ্য ভক্ত-অনুরাগী।