• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

অভিনয়ের পর গানে বাজিমাত, নতুন পরিচয়ে আলোচনায় তুষি

ডেস্ক নিউজ / ৩৬ পঠিত
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

অভিনয়ের পর এবার গান দিয়েও আলোচনায় নাজিফা আনজুম তুষি। দেশের জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি ‘রইদ এর গান’ শিরোনামের এক কনসার্টে গান গেয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। বিশেষ করে তার কণ্ঠে পরিবেশিত ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। জানা গেছে, বহুল আলোচিত ‘রইদ’ সিনেমাতেই গানটিতে কণ্ঠ দিয়েছেন তুষি।

গান প্রসঙ্গে তুষি বলেন, অভিনয় তার মূল পরিচয় হলেও গান সবসময়ই তার ভেতরের ভালোবাসার একটি জায়গা ছিল। তাই ‘রইদ’ সিনেমার জন্য গান গাওয়ার প্রস্তাব পেয়ে আনন্দের পাশাপাশি কিছুটা ভয়ও কাজ করছিল। দর্শক তাকে গায়িকা হিসেবে কীভাবে নেবেন, সেই ভাবনাও ছিল। তবে গানটি গাওয়ার পর যে ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন, তা তার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

তিনি জানান, রবীন্দ্র সরোবরে ‘পাগলীর প্রেম জ্বালা’ পরিবেশনের সময় দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। তুষির ভাষায়, ‘রইদ’ সিনেমার গল্প, আবহ আর গান সবকিছুতেই রয়েছে মাটির গন্ধ, আর সেই অনুভূতিটাই তিনি নিজের কণ্ঠে তুলে ধরার চেষ্টা করেছেন।

‘পাগলীর প্রেম জ্বালা’ গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী। সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী। এরই মধ্যে সিনেমাটির আরও কয়েকটি গান প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যেও বেশ প্রশংসিত হয়েছে।

‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা আনজুম তুষি এবং গাজী রাকায়েত। সাধু, তার পাগল স্ত্রী এবং একটি তালগাছকে ঘিরে গড়ে উঠেছে সিনেমার গল্প। নির্মাতারা এতে আদম-হাওয়ার আদিম আখ্যানকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ