পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে রাজনীতির অঙ্গনে তৈরি হয়েছে নতুন এক চিত্র। দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপির নিরঙ্কুশ জয় রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই ফলাফলকে ঘিরে এখন বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ।
এই প্রেক্ষাপটে বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা জিৎ বিজেপির এই বিজয়কে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, “বাংলার জন্য ইতিহাস রচিত হলো। এই ঐতিহাসিক বিজয়ের জন্য বিজেপিকে অভিনন্দন। এই জয় উন্নতি ও উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করুক। তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই নেটমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে টলিউড তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা আরও স্পষ্ট হয়েছে। এবারের নির্বাচনে একাধিক তারকা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ জয়ের মুখ দেখেছেন, আবার কেউ পরাজিত হয়েছেন। তবে জিৎ নিজে সরাসরি নির্বাচনী রাজনীতিতে অংশ নেননি।
নির্বাচনের আগে তিনি মুম্বাইয়ে অবস্থান করলেও ভোটাধিকার প্রয়োগের জন্য কলকাতায় ফিরে আসেন। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকারও পালন করেন।