টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই আলোচনায় থেকেছেন তার অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও। তিনটি বিয়ে, একাধিক বিচ্ছেদ এবং সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এবার নিজের জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের কথা অকপটে জানালেন অভিনেত্রী।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে শ্রাবন্তী বলেন, অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপরই নিজেকে প্রশ্ন করেছি, কেন করব? একটা ভুল পছন্দের জন্য নিজের জীবন শেষ করে দেওয়া কি ঠিক?
মাত্র অল্প বয়সে, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। সেই সংসারে জন্ম নেয় তাদের ছেলে অভিমন্যু। প্রায় ১৩ বছরের দাম্পত্যের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই ছেলে মায়ের সঙ্গেই বড় হয়েছেন।
প্রথম বিচ্ছেদের পর একই বছর মডেল কৃষাণ ভ্রাজকে বিয়ে করেন শ্রাবন্তী। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। এক বছরের মধ্যেই দ্বিতীয় দাম্পত্যের ইতি ঘটে।
এরপর ২০১৯ সালে গোপনে ফিটনেস প্রশিক্ষক রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের এপ্রিলে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়।
প্রেম, বিয়ে ও বিচ্ছেদের বাইরে বিভিন্ন সময়ে আরও কয়েকজনের সঙ্গে শ্রাবন্তীর নাম জড়ালেও সে বিষয়ে তিনি বরাবরই সংযত। তার ভাষায়, এখন আমার সবচেয়ে বড় মনোযোগ কাজ।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন শ্রাবন্তী। তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও তাকে দেখা গেছে।