বয়স শুধু ক্যালেন্ডারের হিসাব, মন যদি থাকে তরুণ আর প্রশান্ত। সেই বিশ্বাসই যেন নিজের জীবন দিয়ে তুলে ধরছেন অভিনেত্রী কুসুম শিকদার। চার দশক পেরিয়েও তার প্রাণবন্ত উপস্থিতি ও স্নিগ্ধ সৌন্দর্য প্রায়ই আলোচনায় আসে। তবে নিজের মতে, সুন্দর থাকার আসল রহস্য লুকিয়ে আছে মানসিক শান্তি ও জীবনবোধে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ছবি প্রকাশ করেন কুসুম। ছবির সঙ্গে তিনি ভাগ করে নেন চল্লিশোর্ধ্ব জীবনে সুখী ও সুন্দর থাকার চারটি সহজ কিন্তু গভীর মন্ত্র, যা মুহূর্তেই অনুরাগীদের দৃষ্টি কাড়ে।
কুসুমের প্রথম বার্তা, ঘৃণা নয়, ভালোবাসা বেছে নিতে হবে। তবে ভালোবাসার অর্থ এই নয় যে সবকিছু মেনে নিতে হবে। তিনি বলেন, নেতিবাচক মানুষ ও নেতিবাচক শক্তি থেকে দূরে থাকাই মানসিক পবিত্রতা রক্ষার সবচেয়ে বড় উপায়।
দ্বিতীয় মন্ত্রে তিনি লিখেছেন, যেখানে অবমূল্যায়ন বা অসম্মানের সম্ভাবনা, সেখানে না যাওয়াই ভালো। নিজের মর্যাদা ও আত্মসম্মানকে গুরুত্ব দেওয়ার পরামর্শই দিয়েছেন অভিনেত্রী।
তার তৃতীয় বিশ্বাস, মানুষের ভেতরে সবসময় মুগ্ধ হওয়ার ক্ষমতা এবং প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ বেঁচে থাকা উচিত। কৌতূহলী মনই জীবনকে প্রাণবন্ত রাখে বলে মনে করেন তিনি।
সবশেষে কুসুমের আহ্বান, প্রকৃতির কাছে বারবার ফিরে যেতে হবে। কারণ ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে প্রকৃতিই মানুষকে সবচেয়ে বেশি প্রশান্তি দেয়।
পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘর ভরে যায় প্রশংসায়। অনেকেই লিখেছেন, কুসুম শিকদারের এই চার মন্ত্র শুধু চল্লিশ পেরোনো মানুষের জন্য নয়, বরং যেকোনো বয়সে সুখী, ইতিবাচক ও মানসিকভাবে সুস্থ জীবন গড়ার অনুপ্রেরণা।