দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা প্রদান ও তার একক সংগীত সন্ধ্যার আয়োজন আপাতত স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ১৮ জুলাই (শনিবার) জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যা পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নতুন তারিখ ঘোষণা করবে।
শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, সবকিছু অনুকূলে থাকলে আগামী ২৫ জুলাই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বন্যা পরিস্থিতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে রুনা লায়লা জানান, চলতি মাসের শেষ সপ্তাহে তার অস্ট্রেলিয়া সফরের সূচি রয়েছে। সে কারণে সফরে যাওয়ার আগেই অনুষ্ঠানটি সম্পন্ন করার চেষ্টা করছে শিল্পকলা একাডেমি।
উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে রুনা লায়লা তার ছয় দশকের সংগীতজীবনের জনপ্রিয় ১০টি গান পরিবেশন করার কথা রয়েছে। একই আয়োজনে এর আগে দেশের প্রখ্যাত দুই সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকেও সম্মাননা জানানো হয়েছে।