অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। এ সফরে তাঁর সঙ্গী হয়েছেন বাবা, মা ও বোন। শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কা শরিফ থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
ওমরাহ পালনের অনুভূতি জানিয়ে ভাবনা লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচে পড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়। জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।
ছোট পর্দার মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু হলেও খুব অল্প সময়েই নিজের অভিনয়গুণে দর্শকের আস্থা অর্জন করেন ভাবনা। ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে ওপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নয়নতারা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। প্রথম চলচ্চিত্রেই প্রশংসা কুড়ান তিনি।
পরবর্তীতে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘দামপাড়া’র মতো ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখক হিসেবেও সমানভাবে পরিচিত।