সংগীতশিল্পী সাবরিনা পড়শী বরাবরই ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ এলেই প্রিয় দলের প্রতি তার ভালোবাসা প্রকাশ পায় নানা আয়োজনে। তবে এবারের আসরে ব্রাজিলের প্রথম ম্যাচটি পুরোপুরি দেখা হয়নি তার। মরক্কোর বিপক্ষে ড্র করায় কিছুটা হতাশও হয়েছিলেন এই গায়িকা।
তবে সেই আক্ষেপ বেশিদিন স্থায়ী হয়নি। হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে ৩-০ গোলের জয় যেন নতুন করে উচ্ছ্বাস ফিরিয়ে দিয়েছে সেলেসাও সমর্থকদের মাঝে। সেই আনন্দে ভাসছেন পড়শীও।
ব্রাজিলের জার্সি গায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। ম্যাচের পর শুভ সকালের বার্তাও দিয়েছেন ভক্তদের। তবে তার আগেই ব্রাজিলের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেছিলেন এই গায়িকা।
নিজের জনপ্রিয় গান ‘বড় একা’র সঙ্গে ব্রাজিলের জার্সি পরে একটি রিল ভিডিও তৈরি করেন পড়শী। সম্প্রতি গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। টিকটক ও রিলসে গানটি ব্যবহার করে অসংখ্য ভিডিও তৈরি করছেন ব্যবহারকারীরা। সেই ট্রেন্ডে এবার যোগ দিলেন গায়িকাও।
ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবসময় ব্রাজিল।’ আর তাতেই যেন সাড়া পড়ে যায় ভক্তদের মাঝে।
পড়শীর ওই রিল প্রকাশের মাত্র ১১ ঘণ্টার মধ্যেই ভিউ ছাড়িয়ে যায় ১৬ লাখ। এতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ। পাশাপাশি পাঁচ হাজার সাতশরও বেশি মন্তব্য জমা পড়েছে পোস্টটিতে। ব্রাজিলের জয় আর পড়শীর উচ্ছ্বাস, দুটিই সমানভাবে উপভোগ করেছেন তার অনুসারীরা।