জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে ঘিরে কলকাতায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, তাদের লক্ষ্য করে একদল ব্যক্তি উত্তেজনাকর আচরণ করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তার দাবি, সোমবার (১৫ জুন) রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় মোশাররফ করিমের মুখোমুখি হন কয়েকজন ব্যক্তি।
পোস্ট অনুযায়ী, ওই ব্যক্তিরা অভিনেতাকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা তার দিকে এগিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলেও পোস্টে দাবি করা হয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত মোশাররফ করিম কিংবা রোবেনা রেজা জুঁইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের প্রতিক্রিয়াও জানা যায়নি।
ফলে ঘটনাটির প্রকৃত পরিস্থিতি এবং উত্থাপিত অভিযোগের সত্যতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।