গোয়েন্দা চরিত্রের সঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সম্পর্ক বহুদিনের। কখনও তিনি নিজেই পর্দায় গোয়েন্দার ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছেন, আবার কখনও গোয়েন্দা গল্পকে পর্দায় তুলে ধরেছেন নির্মাতার আসন থেকে। ব্যোমকেশ ও ফেলুদার জগতের সঙ্গে যুক্ত থাকার পর এবার তিনি হাজির হচ্ছেন একেবারে নতুন এক গোয়েন্দা চরিত্রে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরমব্রত চট্টোপাধ্যায় এবার অভিনয় করতে চলেছেন গোয়েন্দা আদিত্যনাথ মজুমদারের চরিত্রে। তবে এই নতুন গোয়েন্দার দেখা মিলবে না বড়পর্দায়। বরং ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের জন্য তৈরি হচ্ছে নতুন একটি ওয়েব সিরিজ, যেখানে রহস্য, তদন্ত এবং রোমাঞ্চের নতুন এক জগৎ উন্মোচিত হবে।
সিরিজটি পরিচালনা করছেন অরিত্র সেন। প্রযোজনার দায়িত্বে রয়েছে রোড শো প্রোডাকশন। জানা গেছে, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত প্রযোজনা সংস্থা, হইচই কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
গোয়েন্দা গল্পের জগতে পরমব্রতের উপস্থিতি নতুন নয়। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি এই ধারায় কাজ করেছেন। জনপ্রিয় সিরিজ ‘সাবাশ ফেলুদা’র পরিচালক ছিলেন তিনি। সত্যজিৎ রায়ের বিখ্যাত ফেলুদা কাহিনি ‘গ্যাংটকে গন্ডগোল’ ও ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ অবলম্বনে নির্মিত সেই সিরিজ দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিল।
এবার নতুন গোয়েন্দা আদিত্যনাথ মজুমদারকে ঘিরে কী ধরনের রহস্যের জাল বোনা হবে, তা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পরমব্রতের নতুন এই গোয়েন্দা অবতার যে রহস্যপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে, তা বলাই যায়।