ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা ও ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত কাজল আরেফিন অমি বর্তমানে শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন। গলায় সিস্ট ধরা পড়ায় কয়েকদিন ধরে কথা বলতে পারছেন না তিনি। এই অবস্থায় ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এই নির্মাতা।
রোববার (১৪ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে অমি জানান, এখনও তিনি কথা বলতে পারছেন না। তবে সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসা চলছে এবং আরও কয়েকদিন পর তার শারীরিক অবস্থার বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
পোস্টে তিনি লেখেন, আমার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখনো আমি কথা বলতে পারছি না, তবে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। আর তিন দিন পর পরিস্থিতিটা আরও স্পষ্টভাবে বুঝতে পারব।
কথা বলতে না পারার কষ্টের কথা তুলে ধরে অমি বলেন, কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন এবং শ্বাসরুদ্ধকর, তা এখন আমি টের পাচ্ছি। আমার দ্রুত আরোগ্যের জন্য সবাই দোয়া করবেন। আমি আবারও কথা বলতে চাই, জোরে কথা বলতে চাই। আবারও ‘অ্যাকশন’ বলতে চাই।
তবে অসুস্থতার এই সময়ে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে ছেলের সঙ্গে কথা বলতে না পারার বিষয়টি। আবেগঘন ভাষায় তিনি লেখেন, সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে পারছি না। আমি তাকে আবারও ‘পাপা’ বলে ডাকতে চাই। সবাইকে অনেক ভালোবাসা। আপনাদের দোয়ায় আমাকে রাখবেন।
এর আগে গত ৯ জুন ফেসবুকে দেওয়া এক পোস্টে অমি জানিয়েছিলেন, গলায় সিস্ট ধরা পড়ার কারণে তিনি কথা বলতে পারছেন না এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাণের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কাজল আরেফিন অমি। বর্তমানে ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারিত হচ্ছে। এতে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা ও সাইদুর রহমান পাভেলসহ অনেকেই।