বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। প্রিয় দল ও খেলোয়াড়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন তারকারা। সেই তালিকায় এবার যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
বরাবরই আর্জেন্টিনা ও লিওনেল মেসির ভক্ত হিসেবে পরিচিত ইরফান। বিশ্বকাপ শুরুর প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের উচ্ছ্বাসের পাশাপাশি দলের কিছু দুর্বলতা নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন।
পোস্টে মেসির প্রশংসা করে ইরফান লিখেছেন, মেসি নামল, চান্স ক্রিয়েট করল, পেনাল্টি পেল, গোল করল। এরপর আবারও সুযোগ তৈরি করল, আরেকটি গোল হলো। মেসি ছাড়া এই আর্জেন্টিনা দল প্রচুর সুযোগ নষ্ট করলেও খুব একটা খারাপ নয়।
তার মতে, মেসি মাঠে থাকলে পুরো দলের মানসিকতায় আলাদা পরিবর্তন দেখা যায়। অধিনায়কের উপস্থিতি যেন সতীর্থদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ইরফানের ভাষায়, মেসি মাঠে নামলেই দলের ওপর অন্যরকম একটা শক্তি ভর করে। সবাই যেন ফুল চার্জে খেলে।
তবে দলের আক্রমণভাগ ও মাঝমাঠ নিয়ে সন্তুষ্ট হলেও রক্ষণভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেতা। আর্জেন্টিনার ডিফেন্সের সমালোচনা করে তিনি বলেন, খেলা যত এগোয়, ডিফেন্স ততই রোমান্টিক হয়ে যায়। আমার কাছে সবচেয়ে বড় সমস্যা এই রক্ষণভাগই।
পোস্টের শেষ দিকে কিছুটা শঙ্কাও প্রকাশ করেন ইরফান সাজ্জাদ। তিনি মনে করেন, মেসি দলে থাকতেই আর্জেন্টিনার আরও একটি বিশ্বকাপ জয়ের সুযোগ কাজে লাগানো উচিত। কারণ অধিনায়কের বিদায়ের পর আবার শিরোপার জন্য কতদিন অপেক্ষা করতে হবে, তা বলা কঠিন।
ইরফানের এই পোস্টে ভক্ত ও ফুটবলপ্রেমীদের ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকেই তার ফুটবল বিশ্লেষণের সঙ্গে একমত হয়েছেন। আবার কেউ কেউ আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিশ্বকাপে দলের ভালো ফলের প্রত্যাশা জানিয়েছেন।