ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক কয়েকটি পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বর্তমানে অবকাশযাপনে নেপালে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করছেন তিনি। পাহাড়, মেঘ আর প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে কাটানো সময়ের বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছেন প্রভা। তবে সেই ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।
ছবিটিতে দেখা যায়, হাতে একটি বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। বেলুনটিতে লেখা ছিল ‘আই লাভ ইউ’। ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, অভিনেত্রীর জীবনে হয়তো নতুন কোনো বিশেষ মানুষের আগমন ঘটেছে। কেউ কেউ আবার ছবির উপস্থাপনা ও তার পোস্টের ধরনকে ইঙ্গিতপূর্ণ বলেও মনে করছেন।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রভা। ফলে বিষয়টি আপাতত ভক্তদের কৌতূহল এবং সামাজিক মাধ্যমের জল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে।
এরই মধ্যে অভিনেত্রীর আরেকটি পোস্টও আলোচনার জন্ম দিয়েছে। সেখানে একটি টেবিলে দুটি খাবারের প্লেট দেখা গেলেও ছবিতে উপস্থিত ছিলেন শুধু প্রভা। অন্য প্লেটটি কার জন্য বা তার সঙ্গে কে ছিলেন, সে বিষয়ে কোনো ইঙ্গিত মেলেনি। ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘লাঞ্চ করেছেন?’। এমন পোস্টগুলোই নতুন প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে বলে মনে করছেন অনেক নেটিজেন।
উল্লেখ্য, অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন সাদিয়া জাহান প্রভা। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। পরে ২০১৪ সালে একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে তার দ্বিতীয় বিয়েও বিচ্ছেদে গড়ায়।
ছবি: কালবেলা অনলাইন