বাংলা সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যম ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব হাসিবুর রেজা কল্লোল।
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যম এবং মানবিক কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ডিগ্রি প্রদান করা হয়েছে।
দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ হাসিবুর রেজা কল্লোল। নির্মাতা, সংগঠক ও গণমাধ্যম ব্যবস্থাপক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি নাটক, তথ্যচিত্র এবং বিভিন্ন সৃজনশীল প্রযোজনায়ও রেখেছেন উল্লেখযোগ্য অবদান।
পরিচালক হিসেবে তাঁর নির্মিত ‘সত্তা’ চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানে তিনি চ্যানেল নাইন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
কল্লোলের এই আন্তর্জাতিক অর্জনে সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর এ স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় হাসিবুর রেজা কল্লোল বলেন, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশে তিনি আগামীতেও কাজ করে যেতে চান। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।