• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

অভিনয় ও মডেলিংয়ে নিজের জায়গা তৈরি করছেন সুজন খন্দকার

হৃদয় খান / ৪২ পঠিত
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

স্বপ্ন, সংগ্রাম আর কাজের প্রতি ভালোবাসাকে সঙ্গী করে শোবিজ অঙ্গনে নিজের জায়গা তৈরি করে চলেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের তরুণ মডেল ও অভিনেতা সুজন খন্দকার। ছোটবেলা থেকেই অভিনয় ও মডেলিংয়ের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে মিডিয়া জগতে পথচলা শুরু করেন তিনি।
অভিনয়ের আগে নাচের মাধ্যমেই শোবিজে তার যাত্রা শুরু হয়। নৃত্যচর্চার মধ্য দিয়ে ক্যামেরার সামনে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন সুজন। এরপর অভিনয়ে নিজেকে আরও দক্ষ করে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি নিতে থাকেন। দীর্ঘ সময়ের পরিশ্রম আর আত্মবিশ্বাসই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
ইতোমধ্যে দুটি নাটক ও চারটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই তরুণ শিল্পী। পাশাপাশি বিভিন্ন স্টেজ শোতেও পারফর্ম করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। এছাড়া একাধিক প্রজেক্টে নৃত্যশিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি। নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে সুজন বলেন, মিডিয়াতে কাজ করাটা আমার ছোটবেলার স্বপ্ন। পথটা সহজ ছিল না, কিন্তু প্রতিটি সংগ্রাম আমাকে নতুন কিছু শিখিয়েছে। আমি চাই ভালো কাজের মাধ্যমেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে।
মিউজিক ভিডিও জগতেও ধীরে ধীরে পরিচিত মুখ হয়ে উঠছেন সুজন খন্দকার। জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেল ও লুইপা-র ডুয়েট গান ‘ভালবাসি বড় বেশি’-তে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া হেলাল খান জীবনের দুটি মৌলিক গান ‘আমি এক কপাল পোড়া’ এবং ‘তুমি মিথ্যাবাদী’-তেও মডেল হয়েছেন সুজন। পাশাপাশি জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক বিল্লা-র ‘ইচ্ছে করে’ গানেও মডেল হিসেবে দেখা যাবে তাকে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন মিউজিক ভিডিও ‘ইচ্ছে করে’। জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান A2Z Munna Media-র ব্যানারে নির্মিত এই গানের কথা ও সুর করেছেন আশিক বিল্লা এবং পরিচালনা করেছেন সুজন হোসেন। এতে সুজনের সঙ্গে জুটি বেঁধেছেন মডেল মোমো সিলা। এসকে ক্রিয়েটিভ টিমের প্রযোজনায় গানটির চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বে ছিলেন মো: আমিরুল ইসলাম।
নতুন এই কাজটি নিয়ে বেশ আশাবাদী সুজন। তিনি বলেন, গানটির গল্প ও নির্মাণে ভিন্নতা আছে। আমরা সবাই অনেক পরিশ্রম করেছি। আশা করছি ঈদে দর্শকদের জন্য এটি ভালো একটি বিনোদন হবে।
বর্তমানে আরও কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তরুণ অভিনেতা। ঈদের পর একের পর এক নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে তার। ভবিষ্যতে অভিনয় ও মডেলিংয়ে আরও বড় পরিসরে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে দেখতে চান সুজন খন্দকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category