২০১৮ সালের একটি আলোচিত সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নির্মাতা সুপিন বর্মন-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোশ মুখো’। রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক গল্পনির্ভর এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা বিভান বাদল। প্রায় পাঁচ মাস আগে বগুড়ার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে সিনেমাটির শুটিং।
নির্মাতা সুপিন বর্মন জানান, ‘মুখোশ মুখো’ মূলত একটি পলিটিক্যাল ও সাইকোলজিক্যাল ড্রামা ফিকশন। ২০১৮ সালের একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমায় রাষ্ট্র ব্যবস্থাপনার ভয়ংকর এক বাস্তবতা তুলে ধরা হয়েছে। দর্শকদের ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েই সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি সিনেমাটির একটি টেকনিক্যাল শো অনুষ্ঠিত হয়েছে। নির্মাতার ভাষ্য, বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর আগে সিনেমার টেকনিক্যাল বিষয়গুলো যাচাই এবং সাধারণ দর্শকের প্রতিক্রিয়া বোঝার জন্যই এই আয়োজন করা হয়। গত ২৩ মে অনুষ্ঠিত সেই প্রদর্শনীতে দর্শকদের মতামতের মাধ্যমে সিনেমার বিভিন্ন দুর্বল দিক চিহ্নিত করার সুযোগ তৈরি হয়েছে।
পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের পরিবেশনায় ও বর্মন ফিল্মের প্রযোজনায় নির্মিত ‘মুখোশ মুখো’-এর বিশেষ দিক হলো, পুরো সিনেমাটির নির্মাণকাজই সম্পন্ন হয়েছে বগুড়ায়। এতে আরও অভিনয় করেছেন বিধান রায়, কবীর রহমান, মশিউর রহমান, বৈশালি, রওজা, নাজনীন, সাজিয়া আফরিন ও অরুপ রতনসহ আরও অনেকে। চিত্রগ্রহণে ছিলেন আশরাফুল ইসলাম, সম্পাদনায় অংকন সরকার এবং সংগীতায়োজনে হিমেল।
সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করা বিভান বাদল বলেন, এই চলচ্চিত্রে রাষ্ট্র ব্যবস্থাপনার এক ভয়াবহ সত্য তুলে ধরা হয়েছে। দর্শক সিনেমাটি দেখার পর নতুনভাবে অনেক কিছু ভাবতে বাধ্য হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইতোমধ্যে নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করে পরিচিতি পেয়েছেন বিভান বাদল। এরই মধ্যে ‘পালোয়ান’ নামের একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পাশাপাশি ঈদ উপলক্ষে বৈশাখী টিভি ও মিনারা ফিল্মের দুটি ধারাবাহিক নাটকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।