রাজধানীর পল্লবীতে শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে যখন দেশজুড়ে চলছে প্রতিবাদ ও ক্ষোভ, ঠিক সেই সময় নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী ফারিন খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১৩ তারিখ জামালপুর যাওয়ার পথে রাত প্রায় সোয়া ৩টার দিকে একটি পেট্রোল পাম্পে থামতে বাধ্য হন। সেখানে ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার কাছে অস্বাভাবিক কিছু মনে হতে থাকে, যেন কেউ আশপাশে লুকিয়ে আছে।
ফারিনের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করে ভেন্টিলেটরের দিক থেকে দুটি হাত তার দিকে এগিয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন এবং দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তার ডাক শুনে গাড়িচালক এগিয়ে এলে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার আগে তার ড্রাইভার ওই ব্যক্তিকে ওয়াশরুমের পেছনে ডিমের খোসা নিয়ে ঘোরাঘুরি করতে দেখেছিলেন, তবে তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি।
এই ঘটনার পর তিনি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন বলেও উল্লেখ করেন ফারিন। পরদিন শুটিং ইউনিটের সঙ্গেও তিনি পুরো বিষয়টি শেয়ার করেন।
নারীদের নিরাপত্তা ও সমাজের বাস্তবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাইরে কাজ করা নারীদের জন্য এমন পরিস্থিতি নতুন কিছু নয়। তার মতে, অনেক সময় ভুক্তভোগীকেই দোষারোপ করা হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
পোস্টের শেষ অংশে তিনি আক্ষেপ করে জানান, এমন ঘটনার কথা বললেও অনেকেই আবার ব্যক্তিগত বিষয় বা পোশাক নিয়ে মন্তব্য করে থাকেন, যা নারীদের জন্য এক ধরনের মানসিক চাপের পরিবেশ তৈরি করে।