ঈদুল আজহাকে ঘিরে এবারও জমকালো আয়োজন নিয়ে দর্শকের সামনে আসছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। গান, নৃত্য, কৌতুক, কুইজ ও বিশেষ পরিবেশনায় সাজানো এবারের অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। পুরো আয়োজনের উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার পরিবেশনা। বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে তিনি গেয়েছেন ‘এই বৃষ্টিভেজা রাতে চলে যেও না’। একইভাবে নস্টালজিক আবহে ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’ গানটি পরিবেশন করেছেন বেবী নাজনীন। এই গানে নৃত্যে অংশ নিয়েছেন চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।
এবারের ‘আনন্দমেলা’য় নতুন গান নিয়েও থাকছে চমক। ‘কৃষ্ণচূড়া’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ন্যান্সি ও ইমরান। গানটির কথা লিখেছেন কবির বকুল, আর সংগীতায়োজনে রয়েছেন ইমরান মাহমুদুল।
নৃত্য পরিবেশনাতেও রাখা হয়েছে ভিন্নতা। ‘রূপনগরের রাজকন্যা’ থিমে মঞ্চে উঠবেন সাদিয়া ইসলাম মৌ। অন্যদিকে ‘দূর দ্বীপবাসিনী’ গানে নাচ পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। পুরো নৃত্য পরিকল্পনায় রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও নৃত্যভূমি।
দর্শকদের সম্পৃক্ত করতে রাখা হয়েছে ‘রঙ’ শিরোনামের বিশেষ একটি পর্ব, যেখানে উপস্থিত থাকবেন পরী মনি। পাশাপাশি তারকাদের অংশগ্রহণে থাকছে মজার কুইজ শো। এতে অংশ নেবেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।
কৌতুক পরিবেশনায় থাকছেন আবু হেনা রনি। এছাড়া অংশ নিচ্ছেন ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের বিশেষ স্টেজ পারফরম্যান্সে দেখা যাবে অভিনেতা সুমন ও কৌতুকশিল্পী শাওনকে।
বিনোদনের নানা আয়োজনে সাজানো এবারের ‘আনন্দমেলা’ ঈদের দর্শকদের জন্য হয়ে উঠতে যাচ্ছে বিশেষ আকর্ষণ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।