৪০০ বছরের পুরোনো এক যৌনপল্লী একরাতে গুঁড়িয়ে দেওয়ার বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র রঙবাজার। তামজিদ অতুলের গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী এবং এটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ।
আগামী কুরবানির ঈদের পর বড় পরিসরে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতাদের। তবে সেই পরিকল্পনায় বড় ধাক্কা আসে চলতি মাসের শুরুতে। মুক্তির আগেই সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যায় ‘রঙবাজার’-এর পুরো এইচডি প্রিন্ট। পরে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেও সফল হতে পারেনি সংশ্লিষ্টরা।
এমন পরিস্থিতিতে পাইরেসির ক্ষতি সামাল দিতেই শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান। সিদ্ধান্ত নেওয়া হয়, সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় রোববার (১৭ মে) থেকে ওটিটি প্ল্যাটফর্ম সিনেমেটিক-এ স্ট্রিমিং শুরু হয়েছে ‘রঙবাজার’-এর।
ওটিটিতে মুক্তির বিষয়ে গণমাধ্যমকে রাশিদ পলাশ জানান, সিনেমাটি ফাঁস হয়ে যাওয়ার পর প্রযোজকের আর তেমন কোনো বিকল্প ছিল না। বড়পর্দার জন্য নির্মিত একটি সিনেমা এভাবে ওটিটিতে মুক্তি দিতে হওয়ায় নির্মাতা হিসেবে তার মন খারাপ হলেও পাইরেসির কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে।
লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘রঙবাজার’-এর বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে দেশের অন্যতম পরিচিত দৌলতদিয়া যৌনপল্লী এলাকায়। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।